আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৭, ১৯ জুন ২০২৬

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, কার্যকর আজ থেকেই

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, কার্যকর আজ থেকেই

ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার (১৯ জুন) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে মার্কিন এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর প্রেক্ষাপটে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত করা হয়েছে। ফলে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

লেবাননের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানান মার্কিন ওই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দিনের শুরুতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলেও পরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় এ সমঝোতা হয়েছে।

লেবাননে সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে ইরান অবস্থান জানিয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৈঠক স্থগিতের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও লেবাননে ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি বলেন, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তেহরান।

এদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনার প্রস্তুতি এখনও চলমান রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার মূল লক্ষ্য ছিল একটি সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি ইস্যু নিয়ে আলোচনা শুরু করা। ১৪ দফার সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি, পুনর্গঠন তহবিল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তির অনুমোদন দিয়েছেন। তবে ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা হলেও তা শত্রুপক্ষের অবস্থান মেনে নেওয়ার সমতুল্য নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: নাইজারে বিমানবন্দরে বন্দুক হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়