নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং খুব শিগগিরই এর কাজ শুরু হবে।
শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা ও নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তিস্তা মহাপরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পদ্মা সেতুর মতো এ প্রকল্পও একসময় দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের নয়, সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নির্বাচনের আগে তিস্তা অঞ্চলের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়ন শেষ হলে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হবে।
তিস্তা অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটের কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েন। আবার বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়, যা নদীভাঙনকে আরও তীব্র করে তোলে।
মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা উন্নত হবে, নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুন: পুলিশের পোশাকে আবারও পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
পরিদর্শনকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবুলসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








