জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৯, ১৯ জুন ২০২৬

বিজিবির বাধায় মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

বিজিবির বাধায় মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোরে সীমান্তের শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে বিষয়টি জানান। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করেন। এ সময় শূন্যরেখার কাছে চারজন ব্যক্তিকে দেখতে পান তারা।

বিজিবির কড়া অবস্থানের কারণে বিএসএফ ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। পরে তাদের সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে নেয় বিএসএফ।

সূত্র জানায়, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা বা সীমান্তে আনার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “শুক্রবার ভোরে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা প্রবেশ করতে পারেনি। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।”

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

সাম্প্রতিক সময়ে সীমান্তে কথিত পুশইনের অভিযোগ বাড়ায় মেহেরপুর সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়