ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র মোজতোবা
ছবি: সংগৃহীত
মোজতবা হোসেইনি খামেনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা (সুপ্রিম লিডার) হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।
আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। তিনি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-এর দ্বিতীয় সন্তান।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন। এরপর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য নতুন সুপ্রিম লিডার হিসেবে আলোচনায় আনা হচ্ছিল।
নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। একই সঙ্গে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ও ইরানের সশস্ত্র বাহিনী মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা মোজতবা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ প্রকাশ করছে এবং তার সব নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম ঘোষণার অপেক্ষা
৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। যদিও এ বিষয়ে তিনি কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।
এদিকে ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে এক সাক্ষাৎকারে বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেন, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত করতে হবে। তবে তার এই বক্তব্যকে উপেক্ষা করেই মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।
নিউজবাংলাদেশ.কম/এসবি








