News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০১, ৮ মার্চ ২০২৬

২৪ ঘণ্টায় ১০৮ ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় ১০৮ ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএসের (USGS) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যদিও এর বেশিরভাগই ছিল মৃদু মাত্রার, তবুও ঘনঘন এমন কম্পনে জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

একই সময়ে গত সাত দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১টিতে এবং গত ৩০ দিনে দেশজুড়ে প্রায় ৩ হাজার ৭০৭টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ চার ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি মৃদু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক এসব ভূমিকম্পের অধিকাংশই ছিল তুলনামূলকভাবে কম মাত্রার। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, নেভাদার লাভলকে ১.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ মাত্রা এবং ক্যালিফোর্নিয়ার সোলেদাদ এলাকায় ২.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান

এছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি অঞ্চল, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি এলাকাতেও স্বল্প মাত্রার ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ছিল ৪.৯। একই সময়ে চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ছিল ৬.১।

অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই অঞ্চলগুলো ভূকম্পনপ্রবণ হিসেবে পরিচিত। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না।

সূত্র: ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়