আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ১৫ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর দেশটিতে আগাম সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার তিনটি আফটারশক অনুভূত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের তীব্রতার ভিত্তিতে ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছে, এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে এখনো ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার সকালের ভূমিকম্পে প্রায় পাঁচ লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের সম্মুখীন হয়েছেন। এ ধরনের কম্পনে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি এবং দুর্বল কাঠামোর ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর ওপর অবস্থিত। এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। প্রশান্ত মহাসাগর ঘিরে বিস্তৃত এই ভূমিকম্পপ্রবণ বলয়টি জাপান ও ইন্দোনেশিয়া থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়