আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩২, ১৪ আগস্ট ২০২৬

তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ

তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে ভারত সফরের আরেকটি আমন্ত্রণও দেওয়া হয়েছে। 

তার ভাষ্য অনুযায়ী, দুই আমন্ত্রণই ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সফরের সময়সূচি বা এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সফরের সময় এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি। তবে দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর দ্রুত আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। 

ভারতীয় সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সফরটি হতে পারে যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর

সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ককে আরও স্থিতিশীল ও কার্যকর পর্যায়ে নেওয়ার উদ্যোগের মধ্যেই ভারতের এই আমন্ত্রণ সামনে এলো। গত ১০ আগস্ট ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরসহ কূটনৈতিক পর্যায়ে একাধিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার হয়েছে।

এদিকে শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়টিও গুরুত্ব পায়। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশ নতুন করে জ্বালানি সহায়তার অনুরোধ জানিয়েছে কি না এবং এ বিষয়ে ভারতের অবস্থান কী এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ডিজেল সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী সরবরাহ অব্যাহত আছে। 

তবে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ জানিয়েছে, সেটি বিবেচনার ক্ষেত্রে ভারতের নিজস্ব জ্বালানি চাহিদা, শোধনাগারগুলোর সক্ষমতা এবং দেশের অভ্যন্তরে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

ফলে একই দিনে ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং বাংলাদেশের জ্বালানি চাহিদা বিবেচনার ইতিবাচক বার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের দিনক্ষণ এবং ব্রিকস আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়