ট্রাম্পের মন্তব্যকে উপহাস করল তেহরান, আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রাখার দাবি এবং তেহরানের আত্মসমর্পণের আহ্বানকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
মধ্যপ্রাচ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এক সাক্ষাৎকারে আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
আসলানি বলেন, ট্রাম্পের বিতর্কিত মন্তব্যগুলো তেহরানে কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। বরং এগুলোকে বর্তমান অবস্থানে অটল থাকার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর এখতিয়ার। এতে বিদেশি কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে তারা হাস্যকর হিসেবে আখ্যা দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছেন।
আরও পড়ুন: নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা: ইরান
গত কয়েক দিনের পরিস্থিতি বিশ্লেষণ করে আসলানি আরও বলেন, তেহরানের অবস্থানে এখন এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা বা নীতি পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে তারা তাদের কঠোর অবস্থানই বজায় রাখছে। সূত্র: আল জাজিরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








