News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৫, ৬ মার্চ ২০২৬
আপডেট: ১৭:১৬, ৬ মার্চ ২০২৬

এফবিআইয়ের জালে আন্তর্জাতিক শিশু যৌনচক্রের হোতা বাংলাদেশি জোবাইদুল

এফবিআইয়ের জালে আন্তর্জাতিক শিশু যৌনচক্রের হোতা বাংলাদেশি জোবাইদুল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন ও পর্নোগ্রাফি চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। দীর্ঘ দুই বছর পলাতক থাকার পর মালয়েশিয়া থেকে তাকে গ্রেফতার করে সরাসরি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। 

শুক্রবার (০৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।

কাশ প্যাটেল জানিয়েছেন, এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অভিযানের মাধ্যমে জোবাইদুলকে গ্রেফতার করা হয়। জোবাইদুল ২০২২ সাল থেকে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হতে আলাস্কায় আদালতে হাজির হবেন।

মার্কিন সরকারি অ্যাটর্নি অফিস জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়েই আলাস্কার একটি গ্র্যান্ড জুরি জোবাইদুলের বিরুদ্ধে ১৩টি ধারায় অভিযোগপত্র দাখিল করেছিল। তদন্তে প্রকাশ হয়েছে যে, জোবাইদুল ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন এবং তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করে যৌন ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। এই চক্র শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিস্তৃত ছিল।

আরও পড়ুন: ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

জোবাইদুলের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক চক্র পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতি। 

এফবিআই জানিয়েছে, জোবাইদুল আগে মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করেছিলেন এবং ২০২২ সালে মালয়েশিয়ায় শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগেও অভিযুক্ত ছিলেন। পরে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এস. লেইন টাকার মতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশুদের যৌন শোষণ করা একটি ভয়ংকর অপরাধ। এর ফলে শিশুদের শৈশব নষ্ট হয় এবং পরিবারসহ জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

এফবিআই জানিয়েছে, এই মামলার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। জোবাইদুলের আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা জড়িত ছিলেন এবং তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়