ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পাহাড়ি জেলা কার্বি আংলংয়ে দেশটির ভারতীয় বিমানবাহিনী(আইএএফ)-এর একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে ।
শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমানবাহিনী সূত্রে জানা যায়, নিহত পাইলটরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। বিমানটি আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার গহীন বনাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়।
আইএএফ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানায়, নিহত দুই পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যোরহাট থেকে উদ্ধারকারী দল ও হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। পাহাড়ি ও দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বেশ সময় লেগেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করা হয়েছে। নিহত দুই পাইলটের মরদেহ ময়নাতদন্ত ও সামরিক আনুষ্ঠিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
সুখোই সু–৩০ এমকেআই হলো দুই আসন বিশিষ্ট, বহুমুখী ও দীর্ঘপাল্লার শক্তিশালী যুদ্ধবিমান। মূলত রাশিয়ার সুখোই কর্পোরেশন তৈরি করলেও বর্তমানে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড লাইসেন্সের অধীনে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করছে। ভারতের বিমানবাহিনীতে বর্তমানে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান সক্রিয় রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








