আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
ছবি: সংগৃহীত
জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি বেসামরিক প্রশাসন জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সম্ভাব্য নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ছয়দিনের যুদ্ধ-এর পর ১৯৬৭ সালে জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে জানান, শুক্রবার জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার।
আরও পড়ুন: নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক বা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সূত্র: আল জাজিরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








