নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত
নৌ-শক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করল উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্য ও ইরানে চলমান বৈশ্বিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নিজেদের তৈরি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ ‘চো হিওন’ থেকে সফলভাবে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে দেশটি।
বুধবার (০৪ মার্চ) দেশটির পশ্চিম উপকূলে এই শক্তি প্রদর্শন করা হয়।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই ঐতিহাসিক উৎক্ষেপণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই খবর নিশ্চিত করেছে।
কেসিএনএ-এর প্রতিবেদনে জানানো হয়, উত্তর কোরিয়ার নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই নতুন ডেস্ট্রয়ারটির নাম রাখা হয়েছে ‘চো হিওন’। ৫০০ টন ওজনের এই শক্তিশালী যুদ্ধজাহাজটি দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে তার উদ্বোধনী যাত্রা শুরু করে। এই জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভুল করে তুলবে। বুধবারের পরীক্ষায় জাহাজটি থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
আরও পড়ুন: সৌদিতে ড্রোন হামলা: প্রতিরক্ষা চুক্তি মানলে যুদ্ধে নামতে হবে পাকিস্তানকে
জাহাজটির যাত্রা শুরুর প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে এক নীতি-নির্ধারণী ভাষণে কিম জং উন বলেন, আমাদের নৌবাহিনী শিগগিরই পানির নিচে এবং ওপর থেকে সমানতালে শক্তিশালী আঘাত হানার সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তার বাস্তবায়ন ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।
কিম জং উন আরও দাবি করেন যে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া নৌ-প্রতিরক্ষায় যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, তা গত ৫০ বছরেও সম্ভব হয়নি।
তিনি বলেন, এই অর্জন আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার প্রচলিত ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতার এই সময়ে নতুন ডেস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতার জানান দিল। কিম জং উনের উপস্থিতিতে এই পরীক্ষা মূলত পশ্চিমা বিশ্বের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে নৌবাহিনীকে পারমাণবিক শক্তিধর করার ঘোষণা উত্তর-পূর্ব এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি








