ভুল ই-মেইল পাঠানো ঠেকাতে জিমেইলে নতুন সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
ভুলবশত সবাইকে উত্তর অপশন ব্যবহার করে গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের কাছে চলে যাওয়া ঠেকাতে নতুন সতর্কবার্তা সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধা ই-মেইল পাঠানোর আগে ব্যবহারকারীকে সম্ভাব্য ভুল সম্পর্কে সতর্ক করবে।
গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি গোপন অনুলিপি (বিসিসি) হিসেবে পাওয়া ই-মেইলের উত্তর দিতে গিয়ে সবাইকে উত্তর অপশন নির্বাচন করেন, তাহলে জিমেইল পর্দার ওপরে হলুদ রঙের একটি সতর্কবার্তা দেখাবে। এতে বার্তা পাঠানোর আগে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
নতুন এ সুবিধা ব্যবহারের জন্য আলাদা করে কোনো সেটিংস চালু করতে হবে না। জিমেইলের হালনাগাদ ওয়েব সংস্করণে এটি ধাপে ধাপে স্বয়ংক্রিয়ভাবে চালু করা হচ্ছে।
গুগলের ভাষ্য, গোপন অনুলিপি সুবিধার মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট প্রাপকের পরিচয় অন্যদের কাছ থেকে গোপন রাখা। তবে অসাবধানতাবশত সবাইকে উত্তর অপশন ব্যবহার করলে সেই গোপনীয়তা নষ্ট হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিও তৈরি হতে পারে। নতুন সতর্কবার্তা এ ধরনের ভুলের ঝুঁকি কমাবে।
সম্প্রতি জিমেইলে ধারাবাহিকভাবে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি ই-মেইল ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করতে নতুন নতুন সুবিধা চালু করা হচ্ছে।
আরও পড়ুন: চালুর ২৪ ঘণ্টার মধ্যেই গুগল আর্থ থেকে সরানো হলো ন্যানো বানানা–২
এরই মধ্যে জিমেইলের সঙ্গে ক্যালেন্ডার ব্যবস্থাপনার সমন্বয় আরও উন্নত করা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ইনবক্স সুবিধার মাধ্যমে গুরুত্বপূর্ণ ই-মেইল দ্রুত খুঁজে পাওয়া, বার্তাগুলো সাজিয়ে রাখা এবং দৈনন্দিন ই-মেইল ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








