তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ৩ আগস্ট ২০২৬

চালুর ২৪ ঘণ্টার মধ্যেই গুগল আর্থ থেকে সরানো হলো ‘ন্যানো বানানা–২’

চালুর ২৪ ঘণ্টার মধ্যেই গুগল আর্থ থেকে সরানো হলো ‘ন্যানো বানানা–২’

ছবি: সংগৃহীত

চালুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গুগল আর্থ থেকে চিত্র তৈরি নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা প্রত্যাহার করেছে গুগল। ব্যবহারকারীদের একটি অংশ স্পর্শকাতর স্থানের ভুয়া স্যাটেলাইট ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ায় সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নেয়।

গুগল আর্থের ওয়েব সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যুক্ত করতে নতুন এই সেবা চালু করা হয়েছিল। গুগলের ন্যানো বানানা ২ মডেলনির্ভর এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট স্থান নির্বাচন করে লিখিত নির্দেশনার ভিত্তিতে বাস্তবসম্মত দৃশ্য তৈরি করতে পারতেন। গুগলের ভাষ্য ছিল, সৃজনশীল কাজের সহায়তার জন্যই এ সুবিধা চালু করা হয়েছে।

তবে সেবাটি চালুর পরপরই গবেষক, সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এর সমালোচনা করেন। তাদের মতে, এ সুবিধা ব্যবহার করে অত্যন্ত বাস্তবসম্মত ভুয়া স্যাটেলাইট ছবি তৈরি করা সম্ভব, যা সংঘাত, দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গুগল জানায়, নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে মানুষ গুগল আর্থের ওপর আস্থা রাখে। কিন্তু কিছু ব্যবহারকারী নীতিমালাবিরোধীভাবে ভুয়া স্ক্রিনশট তৈরি ও প্রচার করছিলেন। তাই আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সুবিধা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: চীনের এআই জোটে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ

গুগল আরও জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি প্রতিটি ছবিতে অদৃশ্য সিন্থআইডি ডিজিটাল জলছাপ যুক্ত ছিল। পাশাপাশি এসব ছবি মূল গুগল আর্থের মানচিত্রে অন্য ব্যবহারকারীদের জন্য প্রদর্শিত হতো না এবং এগুলো যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি, সেটিও স্পষ্টভাবে উল্লেখ ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়