আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হতে পারে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
ফাইল ছবি
আগামী সপ্তাহেই আরও ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারে বলে জানিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় দ্রুতগতিতে এমপিওভুক্তির প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। গত মাসে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করা হলে নির্ধারিত সময়ের মধ্যে ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারকে বছরে অতিরিক্ত প্রায় ৬৭০ কোটি টাকা ব্যয় করতে হবে। তবে চলতি অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে ইতোমধ্যে এ জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ৪৭১টি, মাধ্যমিক পর্যায়ের ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১০৫টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ ১৪৫টি। পাশাপাশি মাদরাসা শিক্ষায় দাখিল পর্যায়ের ৭৮টি, আলিম পর্যায়ের ২০২টি এবং ফাজিল পর্যায়ের ৩৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় রয়েছে।
আরও পড়ূন: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদের একটি বড় সময়জুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা আন্দোলনে ছিলেন। শুরুর দিকে সরকারের ব্যয় সংকোচন নীতি থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর গত বছরের শেষ দিকে এ বিষয়ে সরকার নমনীয় অবস্থান নেয়। বর্তমানে এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








