News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ১৮ মার্চ ২০২৬

পটিয়ায় খড়ের ধোঁয়ায় ৩ বাসের সংঘর্ষ: নিহত ১, আহত ৮

পটিয়ায় খড়ের ধোঁয়ায় ৩ বাসের সংঘর্ষ: নিহত ১, আহত ৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খড় পোড়ানোর ধোঁয়ায় দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে আসায় তিন বাসের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাঁশি মোহন দাশ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। নিহত বাঁশি মোহন দাশ লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক এর জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মূল কারণ ছিল সড়কের পাশে স্তূপ করে রাখা খড়ে দেওয়া আগুন। আগুনের ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং চালকদের দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। এই অবস্থায় বিপরীতমুখী ‘ঈগল পরিবহন’-এর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক একই সময়ে ‘মারসা পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই ব্যস্ততম এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় নিহত বাঁশি মোহন দাশের দেহ উদ্ধারের পাশাপাশি আহত ৮ জনকে তাৎক্ষণিক পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বহু হতাহতের আশঙ্ক

আহতরা হলেন মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া রওশন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খড়ের আগুনের ধোঁয়ার কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত তিনটি বাস উদ্ধার করে রাস্তা থেকে সরিয়ে নেয়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়