বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনা বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও ড্রাইভার রিন্টু (৪৭)। আহতদের মধ্যে শিশু ফাতেমা (২), ফাতেমা (১০), আরহাম (৭), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬) ও হামিম (৩০) রয়েছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। গাড়ির ভেতরেই ড্রাইভার রিন্টু মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস। ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বেতন না পেয়ে রাজপথে পোশাক শ্রমিকরা, মালিক উধাও
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এতে মোট তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








