News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ১২ মার্চ ২০২৬

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৫

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত আ. সাহিদ সুপার ভিউ নামের ৭ তলা ভবনের সামনের পল্লীবিদ্যুতের খুঁটিতে সংযুক্ত ট্রান্সফরমারটি অতিরিক্ত বৈদ্যুতিক চাপের কারণে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারে থাকা তেল ও টুকরো অংশ পাশের ভবনের ওপর ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুন ভবনের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলায় গুদাম ও ফ্ল্যাট অবস্থিত। বিস্ফোরণের ফলে ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি সড়কের ওপর ছিটকে পড়া আগুনের স্ফুলিঙ্গে পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের মোহাম্মদ জাকির হোসেন (৩২), ইয়াসিন (৩৭) ও হোটেল কর্মচারী রকিবুল ইসলাম (২৫) গুরুতর অবস্থায় থাকায় প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকাস্থ জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। আল হেরা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সালমান শিকদার জানিয়েছেন, পুরো শরীর দগ্ধ তিনজনসহ আরও দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার নূরুল করিম জানান, আগুনের স্ফুলিঙ্গ সড়কে পড়ায় কয়েকজন দগ্ধ হয়েছে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ, ভবনের সামনে থাকা ট্রান্সফরমারে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি সংযোগ থাকায় বিদ্যুতের অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটেছে। হঠাৎ আগুন লাগার কারণে আশপাশের মার্কেট, শপিং মল এবং আবাসিক ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব ঘটনাস্থলে এসে হতাহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানান। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ভবনে থাকা ব্যবসায়ীরা জানান, ব্যাংকের কোনো ক্ষতি হয়নি এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও আংশিকভাবে রক্ষা পেয়েছে। দগ্ধদের চিকিৎসা ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এবং স্থানীয় হাসপাতালের তৎপরতা প্রশংসনীয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়