রাজধানীতে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সভা–সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংসদ অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং আশপাশের এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ প্রেক্ষাপটে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডিএমপি জানায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। পাশাপাশি বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশও এর অন্তর্ভুক্ত।
এ ছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশ এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও সীমানার ভেতরে অবস্থিত সব সড়ক ও গলিপথও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।
ডিএমপি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও যানবাহন চালকদের জনস্বার্থে জারি করা এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রচলিত রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতভাবে সংসদ নেতা নির্বাচিত করা হয় এবং সেদিন বিকালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয় পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।
নিউজবাংলাদেশ.কম/পলি








