ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
ফাইল ছবি
ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে সিলেটসহ একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটির প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পটির প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতের পাশাপাশি মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে। ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করায় সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
আরও পড়ুন: ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি
এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








