জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধারের পর সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।

ছেলের নিখোঁজের পর তার মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সন্ধান চেয়ে সহায়তার অনুরোধ করেন। পোস্টে তিনি জানান, অপ্রতীমের বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণিতে পড়ত। নিখোঁজের সময় তার পরনে নীল রঙের পাঞ্জাবি ছিল।

নাহিদা বেগম আরও জানান, অপ্রতীমের কাছে থাকা আইফোনটি নিয়ে সে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। পরে আর বাসায় ফেরেনি। বিষয়টি থানায় জানানো হয়েছিল।

তিনি জানান, ফোন নম্বর ট্র্যাক করে অপ্রতীমের অবস্থান শনাক্ত করা যায়নি। তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ফোনটি বাসায় ছিল বলেও জানান তিনি।

এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করছে পুলিশ। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়