নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৫৫, ১২ আগস্ট ২০২৬

সাভারে শক্তিশালী প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়, বিকট শব্দে আতঙ্ক

সাভারে শক্তিশালী প্রেশারকুকার বোমা নিষ্ক্রিয়, বিকট শব্দে আতঙ্ক

ছবি: সংগৃহীত

সাভারের সাধাপুর এলাকার গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে উদ্ধার হওয়া কালো স্কচটেপে মোড়ানো একটি শক্তিশালী প্রেশারকুকার বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ২৮ মিনিটের দিকে এই শক্তিশালী বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আকাশে সাদা ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরবর্তী বাসিন্দারাও বিস্ফোরণের তীব্রতা অনুভব করেন।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে। ওই সময় সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন। ড্রামের ভেতরে কাপড়চোপড় ও অন্যান্য সামগ্রীর সাথে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। স্থানীয় বাসিন্দারা ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠের একটি খোলা স্থানে রেখে পুলিশকে খবর দেন। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

পরদিন বুধবার সকাল ৮টার দিকে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন। পরবর্তীতে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়। দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাকে জনশূন্য করার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর বিকেল ৩টা ২৮ মিনিটে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে থাকা স্থানীয় ব্যবসায়ী নিবীর হোসেন জানান, প্রেশারকুকারটি যে এতটা শক্তিশালী বোমা ছিল, তা তাদের ধারণার বাইরে ছিল। নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকটি অত্যন্ত শক্তিশালী এবং উচ্চক্ষমতাসম্পন্ন। ঘটনার পর থেকে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলেও জনমনে উদ্বেগ রয়ে গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে একটি অটোরিকশায় করে অজ্ঞাত ব্যক্তিরা সেই নীল ড্রামটি সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে ঘটনার মোটিভ, কারা এই ড্রাম সেখানে রেখে গেছে এবং এর পেছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে তদন্ত জোরদার করেছে পুলিশ। সাভার থানা ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হবে। বর্তমানে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়