২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে উত্তরের বিভিন্ন জেলায় ঈদ করতে যাওয়া শতাধিক যাত্রী আহত হন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশনায় উদ্ধার অভিযান শুরু হয়। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে একটি এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। সারারাত অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি রেললাইন মেরামতের কাজও চলমান রয়েছে।
তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচলের উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দুর্ঘটনাস্থল দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করবে এবং একই সঙ্গে মেরামতকাজ অব্যাহত থাকবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।
রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রার মধ্যে বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন ছাড়ার কিছুক্ষণ পর বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৯টি কোচ লাইনচ্যুত হয়। সন্ধ্যা পৌনে ৭টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ শুরু করে।
আরও পড়ুন: সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








