News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৯, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫০, ১৩ মার্চ ২০২৬

নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল সংলগ্ন নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। 

আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘটনার সময় ব্রিজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং আশপাশের এলাকাতেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে থাকা বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোর দিকেও ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদ্দা ব্রিজের নিচে রেস্তোরাঁসহ একাধিক খাবারের দোকান রয়েছে। আগুন লাগার সময় এসব দোকান ঘিরে থাকা এলাকাজুড়ে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়, যা মুহূর্তেই পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।

আরও পড়ুন: স্বস্তির শিলাবৃষ্টিতে ভিজল ঢাকা, শুরু হলো প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নদ্দা এলাকায় ব্রিজের নিচে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নেন এবং রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে আগুন লাগার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়