বাংলাদেশি পোল্ট্রি ও ডিমে নিষেধাজ্ঞা তুলল কুয়েত
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত দ্রব্য এবং ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের বাজার আবারও উন্মুক্ত হলো।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
দূতাবাসের কাউন্সেলর ও দুতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, ২০২৩ সালে বিশ্বব্যাপী এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা 'বার্ড ফ্লু' ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্যের সুরক্ষায় কুয়েত সরকার বাংলাদেশসহ বেশ কিছু দেশ থেকে পাখির মাংস ও ডিম আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী, তখন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিভিন্ন অঙ্গরাজ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিলে আমদানিতে এই কড়াকড়ি শুরু হয়। দীর্ঘ যাচাই-বাছাই ও দ্বিপাক্ষিক আলোচনার পর কুয়েত সরকার অবশেষে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: সবজিতে স্বস্তি, চাল-ডালের দাম বাড়তি
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এখন থেকে আইনসম্মতভাবে বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস ও ডিম আমদানি করার সুযোগ পাবেন। বাংলাদেশ সরকার এবং দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল বাংলাদেশি ব্যবসায়ীকে এই সুযোগ কাজে লাগানোর জন্য এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কুয়েত সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের পোল্ট্রি শিল্প বড় ধরনের রপ্তানি আয়ের সুযোগ পাবে এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্যের সুনাম ও বাজার পরিধি আরও বৃদ্ধি পাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








