স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৫, ৫ আগস্ট ২০২৬

জুলাইয়ে বাংলা কিউআরে লেনদেন ছাড়াল ১২৫০ কোটি টাকা

জুলাইয়ে বাংলা কিউআরে লেনদেন ছাড়াল ১২৫০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে চালু হওয়া বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের জন্য অভিন্ন কিউআর কোড বাধ্যতামূলক করার পর এ প্ল্যাটফর্মে লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন হয়েছিল ২১২ কোটি টাকা। জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা, যা সাত মাসে প্রায় ছয়গুণ বৃদ্ধি।

গত জুলাই মাসে প্রতিদিন গড়ে ৪০ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগে জুনে ৮৪৫ কোটি, মে মাসে ৪৭৯ কোটি, এপ্রিলে ১৯৯ কোটি, মার্চে ২২৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২১৮ কোটি টাকার লেনদেন হয়।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সহজ ও অভিন্ন করতে বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে বাংলা কিউআর চালু করে। পরে ১ জুলাই থেকে সব ব্যাংক ও এমএফএসের কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্ট বাংলা কিউআরের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়। ফলে এখন একটি কিউআর কোড স্ক্যান করেই অংশগ্রহণকারী যেকোনো ব্যাংক বা এমএফএসের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ৩৭টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান বাংলা কিউআর নেটওয়ার্কে যুক্ত রয়েছে। গত ১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত মার্চেন্টের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ লাখ ২৫ হাজার ১৩৩। মাত্র এক সপ্তাহে নতুন করে যুক্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫৯২টি মার্চেন্ট।

মার্চেন্ট সংখ্যায় এখনো শীর্ষে রয়েছে বিকাশ। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর কিউআর স্থাপনের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহে নতুন কিউআর স্থাপনে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ, যারা ৫০ হাজার ৩০৩টি নতুন কিউআর স্থাপন করেছে। এরপর রয়েছে পূবালী ব্যাংক, যা ৪৫ হাজার ৬৭৩টি নতুন কিউআর যুক্ত করেছে। এছাড়া জনতা, রূপালী, কৃষি, অগ্রণী, সোনালী, ডাচ্-বাংলা ও ব্র্যাক ব্যাংকও নতুন কিউআর স্থাপনে সক্রিয় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে সব ব্যাংক ও এমএফএস থেকে অর্থ পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য লেনদেন আরও সহজ হয়েছে। এর ফলে দেশে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতাও দ্রুত বাড়ছে।

আরও পড়ুন: টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

বর্তমানে বাংলা কিউআরের প্রতিটি লেনদেনে মার্চেন্টদের কাছ থেকে ১ শতাংশ হারে চার্জ নেওয়া হয়। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়বে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়