টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
ছবি: সংগৃহীত
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও শিল্পখাতের নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ-২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে আগের মতোই শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থে ভারত এবং পঞ্চমে রয়েছে তুরস্ক।
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।
তবে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এক বছরে দেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে একই সময়ে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বৈশ্বিক বাজারে ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। তাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রাখতে উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: কোরিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বিশ্লেষকদের মতে, শ্রমনির্ভর উৎপাদনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকা সহজ হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








