কোরিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, “দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
“প্রধানমন্ত্রী বাংলাদেশে জাহাজ নির্মাণ, খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে অত্যন্ত দক্ষ। বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে সে দেশের জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগাতে পারে।”
কোরিয়ান কোম্পানিগুলো জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান উপ প্রেস সচিব।
আরও পড়ুন: শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবে কি না, ভারতকে স্পষ্ট করতে হবে
সাক্ষাতে দুই দেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী।
উপ প্রেস সচিব বলেন, চুক্তি কার্যকর হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ইয়ো হান-কু। একইসঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগও বৃদ্ধি পাওয়ারও কথা বলেন।
ইয়ো হান-কুর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং ভবিষ্যতে আরও অনেক কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী।
শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ করেছেন, বলেন উপপ্রেস সচিব।
সাক্ষাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








