মাদ্রিদের দাবানল দুর্গতদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো
ছবি: সংগৃহীত
স্পেনের রাজধানী মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।
মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি জানিয়ে মেসিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনে মেসির এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মাদ্রিদের মানুষও ভবিষ্যতে মেসিকে উষ্ণ অভ্যর্থনা জানাবে।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানল সম্প্রতি নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। জরুরি সেবা বিভাগ আগুনের অবশিষ্ট হটস্পট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট তিন কনফেডারেশন, ফিফা অচলের হুঁশিয়ারি
বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল এবং পরিবেশরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাজনিত কারণে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াসের সাতটি আবাসিক এলাকায় এখনো বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








