খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় পরকীয়া ও পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকার একটি বাড়িতে ঢুকে অতর্কিত এ হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, বড় ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে বিদ্ধ গুলি বের করা সম্ভব না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাদের ঢাকায় পাঠানো হয়। বাকি দুইজন খুলনাতেই চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
স্থানীয় সূত্রে জানা গেছে, এই নৃশংস হামলার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের জটিল এক পারিবারিক ও অপরাধগত শত্রুতা। কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল ৩ বছর আগে মাদক মামলায় কারাগারে থাকাকালীন ইমরান নামে এক সন্ত্রাসীর সাথে পরিচিত হন। সেই পরিচয়ের সুবাদে রাশিদুল ইমরানের বাড়িতে যাতায়াত শুরু করেন এবং ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় ৬ মাস আগে ইমরান পুনরায় কারাবরণ করলে ফাহিমা তাকে ডিভোর্স দিয়ে রাশিদুলকে বিয়ে করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান ও তার সহযোগীরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে বলে ধারণা করা হচ্ছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পরকীয়া ও বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার প্রমাণ পাওয়া গেছে। ৬ জন হামলাকারী এই অভিযানে সরাসরি অংশ নেয়। অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








