News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

হত্যাচেষ্টা মামলায় ৬ মাসের জামিন পেলেন বদি

হত্যাচেষ্টা মামলায় ৬ মাসের জামিন পেলেন বদি

ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

তৎকালীন সময়ে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, টেকনাফে সংগঠিত একটি হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে। দীর্ঘ কারাবাসের পর উচ্চ আদালতে জামিন আবেদনের প্রেক্ষিতে আজ তার এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হলো।

আব্দুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী সময়ে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় আইনি জটিলতার কারণে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি অংশ নিতে পারেননি। তার পরিবর্তে আওয়ামী লীগ তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন প্রদান করে এবং তিনিও পরপর দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: ৫ মামলায় জামিন পেলেন আইভী

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দীর্ঘকাল ধরেই নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে তার নাম উঠে আসায় তিনি দেশজুড়ে ব্যাপক সমালোচিত হন। 

উল্লেখ্য যে, প্রশাসনের মাদকবিরোধী তালিকার তথ্যানুযায়ী বদির চার ভাইসহ তার পরিবারের অন্তত ২৬ জন সদস্যকে ‘মাদকের গডফাদার’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

আদালতের আজকের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা থাকছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা পরবর্তী প্রক্রিয়া যাচাই করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়