ম্যানচেস্টারে সড়ক দুর্ঘটনায় ৩ সিলেটিসহ নিহত ৪
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি বংশোদ্ভূত তরুণসহ চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বোল্টনের উইগান রোডে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ ও হতাহতদের পরিচয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) ও স্থানীয় সূত্র জানায়, একটি দ্রুতগামী লাল রঙের ‘সিট লিওন’ ব্র্যান্ডের গাড়ির সঙ্গে একটি ‘সিট্রোয়েন সি-৪’ মডেলের ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই তীব্র ছিল যে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন প্রবীণ ট্যাক্সি চালক ছিলেন।
নিহতরা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল আসগর আলী (১৯) এবং ট্যাক্সি চালক মাসরব আলী (৫৪)। নিহত তিন তরুণের পরিবার সিলেটের বাসিন্দা এবং তারা বোল্টন এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
অন্যদিকে, ট্যাক্সি চালক মাসরব আলী ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্ন শহরের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ২-৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আরও পড়ুন: মাল্টা উপকূলে নৌকা ডুবে ১ অভিবাসী নিহত, ৫৯ বাংলাদেশি উদ্ধার
পুলিশি তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, মধ্যরাতে বিকট শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর করুণ অবস্থা দেখে পুলিশে খবর দেন এবং অনেকেই ব্যক্তিগতভাবে ধারণ করা ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করেছেন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ উইগান রোডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং যদি অন্য কোনো প্রত্যক্ষদর্শী বা চালকের কাছে ‘ড্যাশক্যাম’ ফুটেজ থাকে, তবে তা তদন্তের স্বার্থে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
শোকের ছায়া ও কমিউনিটির প্রতিক্রিয়া বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এই ঘটনাকে পুরো কমিউনিটির জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা নিয়াজ উদ্দিন জায়গিরদার জানান, নিহতদের মধ্যে তিনজনের বাড়ি সিলেটে হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে ট্যাক্সি চালকের পূর্ণাঙ্গ ঠিকানার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তারা।
স্থানীয় কমিউনিটি নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে এই সংকটময় মুহূর্তে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারকে ইতোমধ্যেই দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








