শাহ আমানতে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো যাত্রী
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই স্বর্ণের বারগুলো ফেলে যাত্রী পালিয়ে যায় বলে জানা গেছে।
রোববার সকাল ৯টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করেন বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার হওয়া ওই স্বর্ণের বারগুলোর ওজন ৬ কেজি ৮৪ গ্রাম। আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কোনো যাত্রী এসব স্বর্ণ ফেলে গেছে বলে কাস্টমস কর্মকর্তারা মনে করছেন। তাদের ধারণা, চালানটির সঙ্গে ওই বিমানের কোনো ক্রুও জড়িত থাকতে পারে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার রিয়াদুল ইসলাম বলেন, “দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল পৌনে ৯টায় অবতরণ করে।”
“আমাদের কাছে আগেই খবর ছিল ওই ফ্লাইটে করে অবৈধভাবে কেউ স্বর্ণ নিয়ে আসছেন। ফ্লাইট বোর্ডিং ব্রিজে লাগার সঙ্গে সঙ্গে আমরা অভিযান শুরু করি। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বোর্ডিং ব্রিজে পরিত্যক্ত অবস্থায় ৫২টি স্বর্ণের বার পাওয়া যায়।” বলেন তিনি।
ধারণা করা হচ্ছে, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে ধরা পড়ার ভয়ে কোনো যাত্রী এগুলো ফেলে দিয়েছে। পরে ফ্লাইটের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাইফ জ্যাকেট পাওয়া যায়। ওই লাইফ জ্যাকেটের ভেতরে করেই স্বর্ণের বারগুলো আনা হয়েছিল।
তিনি বলেন, “লাইফ জ্যাকেট সিটের নিচে থাকে। সেখান থেকে ওই যাত্রীর লাইফ জ্যাকেট নেয়া এবং পরার বিষয়টি নিশ্চয়ই ক্রুদের কারও না কারও দেখার কথা। তাই আমরা ধারণা করছি, চালানটির সঙ্গে ক্রুদের কারও যোগাসাজশ থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
একই ফ্লাইটের অপর দুই যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা ২৯০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এফএ








