উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
নারী এএফসি উইমেন্স এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
শুক্রবারের (৬ মার্চ) ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছেন ঋতুপর্ণা চাকমাদের দল।
ম্যাচের শুরুতে লড়াই করলেও প্রথমার্ধের ইনজুরি সময়ে টানা দুই গোল হজম করে বাংলাদেশ। ফলে বিরতির আগে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও তিন গোল হজম করতে হয় তাদের।
প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে পাঁচবার বল পাঠালেও তিনটি গোল বাতিল হয়। ম্যাচে ভিএআর প্রযুক্তি ব্যবহারের কারণে এসব সিদ্ধান্ত আসে, যা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি এনে দেয়।
ম্যাচের ১৪ মিনিটে উত্তর কোরিয়ার একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এরপর আরেকটি আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল হাতে ধরার পর কোরিয়ান খেলোয়াড় শট নিয়ে জালে পাঠালেও ভিএআরে সেটি ফাউল হিসেবে ধরা পড়ে। পরে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিলে আরেকটি গোলও বাতিল করা হয়।
ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে চেষ্টা করে। তবে এতে উল্টো উত্তর কোরিয়া বেশি আক্রমণের সুযোগ পায়। ৩৫ মিনিটে তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এ সময় বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।
প্রথমার্ধের ইনজুরি সময়ে পরিস্থিতি বদলে যায়। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে জার্সি ধরে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে প্রথম গোল করে উত্তর কোরিয়া। দুই মিনিট পর ডিফেন্সের ভুলে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করে তারা।
আরও পড়ুন: জাতীয় দলের নির্বাচক পদে আবেদন শুরু, আগ্রহী একাধিক সাবেক ক্রিকেটার
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করেন ঋতুপর্ণা চাকমারা। তবে আক্রমণে খুব একটা কার্যকর হতে পারেননি। উল্টো দারুণ ফুটবল খেলে আরও তিনটি গোল করে উত্তর কোরিয়া। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








