News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ৫ মার্চ ২০২৬

জাতীয় দলের নির্বাচক পদে আবেদন শুরু, আগ্রহী একাধিক সাবেক ক্রিকেটার

জাতীয় দলের নির্বাচক পদে আবেদন শুরু, আগ্রহী একাধিক সাবেক ক্রিকেটার

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত একাধিক সাবেক ক্রিকেটার আবেদন করেছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আবেদনকারীদের তালিকায় রয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন (নান্নু)। এছাড়া আবেদন করেছেন বা করার পরিকল্পনা করছেন  ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিক। নতুন মুখ হিসেবেও কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে শামসুর রহমান শুভর নাম শোনা যাচ্ছে।

তবে জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে আলোচনায় থাকলেও আবেদন করবেন না বলে জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। অন্যদিকে প্রধান নির্বাচকের দৌড়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি। তবে তিনি দ্রুতই আবেদন করবেন বলে জানা গেছে।

বিসিবির শর্ত অনুযায়ী, নির্বাচক পদে আবেদন করতে হলে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক সক্ষমতা, দক্ষতা ও যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে। নির্বাচকদের দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় দল ও ‘এ’ দলের জন্য খেলোয়াড় নির্বাচন এবং পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। এছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: ২১ বাংলাদেশি বাদ, দ্য হান্ড্রেড নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ

লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণ করতেই এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। নতুনদের মধ্যে একজন প্রধান নির্বাচকের দায়িত্ব পাবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়