২১ বাংলাদেশি বাদ, দ্য হান্ড্রেড নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
আগামী ১২ মার্চ লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’–এর নিলাম। এই নিলামে অংশ নিতে ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ২১ জন।
বাদ পড়াদের মধ্যে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।
চূড়ান্ত ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান এবং লেগস্পিনার রিশাদ হোসেন। সারা বিশ্বের শত শত ক্রিকেটারের মধ্যে ২৪৩ জনকে শর্টলিস্ট করা হয়েছে এবং এই দুই টাইগার সেখানে টিকে গেছেন।
নিলামে মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) ক্যাটাগরিতে, আর রিশাদ হোসেনের মূল্য ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজনে এই দুই খেলোয়াড়কে দলে ভেড়াতে বিড করতে পারবে।
আরও পড়ুন: ৪৬ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ, চীনের বিপক্ষে পিছিয়ে ২-০
এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আইপিএল মালিকানাধীন দলগুলোর অঘোষিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইসিবি তা উড়িয়ে দিয়েছে। বোর্ড জানিয়েছে, রাজনৈতিক কোনো বিবেচনা নয়, বরং পারফরম্যান্স ও দলের চাহিদাকেই গুরুত্ব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হারিস রউফ–সহ ১৪ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








