যুদ্ধাবস্থায় উৎকণ্ঠা কাটিয়ে দেশে ফিরলেন মুশফিক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।
দীর্ঘ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সোমবার (০২ মার্চ) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থার কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি জেদ্দায় আটকা পড়েছিলেন।
পবিত্র ওমরাহ পালন শেষে গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোরে মুশফিকুর রহিমের সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে তার ঢাকা ফেরার কথা থাকলেও মাঝপথে বিপত্তি ঘটে। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে আঞ্চলিক আকাশপথ আকস্মিক বন্ধ করে দেওয়া হয়। ফলে মুশফিককে বহনকারী দুবাইগামী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মাঝ আকাশ থেকে ফিরে এসে তিনি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন।
মুশফিকের আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে দেশের ক্রীড়াঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরাসরি মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।
আরও পড়ুন: অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিকুর রহিম
এর আগে রবিবার (০১ মার্চ) প্রতিমন্ত্রী গণমাধ্যমকে আশ্বস্ত করেছিলেন যে, মুশফিককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সরকারের উচ্চপর্যায়ের তৎপরতা ও বিশেষ ব্যবস্থাপনায় অবশেষে গতকাল রবিবার দিবাগত রাতে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
নিরাপদে বিমানে ওঠার পর মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠেছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবো। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে নিন।
আজ সকালে যখন তিনি বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন তার চোখে-মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও গত কয়েক দিনের দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল।
মুশফিকের নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মণ্ডি এক আবেগঘন বার্তায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাড়ি পৌঁছেছে। যারা এই কঠিন সময়ে আমাদের মানসিক সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। একই সাথে বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত শান্তি কামনার প্রার্থনা জানান তিনি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েক দিন ধরে ওই অঞ্চলের আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব সরাসরি বাংলাদেশের প্রবাসী ও ভ্রমণকারীদের ওপর পড়ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








