News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৩, ৬ মার্চ ২০২৬

রোজা রেখে অজুর সময় কিভাবে কুলি করবেন?

রোজা রেখে অজুর সময় কিভাবে কুলি করবেন?

প্রতীকী ছবি

ইসলামে অজুর গুরুত্ব অত্যন্ত বেশি। এ প্রসঙ্গে হাদিসে জাবের ইবনু আব্দুল্লাহ (রা.) বর্ণনা করেন, হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা (অজু)।” (মুসনাদে আহমাদ, ১৪৭০৩; জামে তিরমিজি, ৪)

তবে অনেকের প্রশ্ন থাকে রোজা রেখে অজু করার সময় কুলি কীভাবে করা উচিত?

ইসলামি ফিকহ অনুযায়ী, রোজা অবস্থায় গড়গড়া করে কুলি করা থেকে বিরত থাকা উচিত। কারণ এতে পানি গলার ভেতরে ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রোজা রেখে অজু করার সময় হালকাভাবে কুলি করতে হবে।

একইভাবে নাকে পানি দেওয়ার সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে। নাকের গভীরে পানি টেনে নেওয়া যাবে না; বরং হালকাভাবে পানি দিতে হবে, যাতে তা ভেতরে চলে না যায়। (তাহতাবী, পৃষ্ঠা ১০২)

এ বিষয়ে হাদিসে লাকিত ইবনে সবিরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “অজু বা গোসলের সময় নাকে ভালোভাবে পানি দাও, তবে রোজাদার হলে নয়।” (জামে তিরমিজি, হাদিস: ৭৬৬)

রোজা অবস্থায় অজুর সময় নাকে অতিরিক্ত পানি দেওয়া মাকরূহ। কারণ এতে অসাবধানতাবশত পানি গলায় চলে যেতে পারে। একইভাবে কুলি করার সময় গড়গড়া করাও মাকরূহ।

তাই রোজা অবস্থায় কুলি করা বা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। তবে কুলি করার সময় যদি অসাবধানতাবশত গলায় পানি না যায়, তাহলে রোজা নষ্ট হবে না।

আরও পড়ুন: ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মোদ্দাকথা, রোজা রেখে অজু করার সময় কুলি ও নাকে পানি দেওয়ার ক্ষেত্রে সংযম ও সতর্কতা বজায় রাখা প্রয়োজন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়