ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
ফাইল ছবি
চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও মহাজাগতিক অবস্থান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ২০ মার্চ শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ পূর্বাভাসের তথ্য উঠে এসেছে। যদি মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হয়, তবে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ-এ ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপনের জোরালো সম্ভাবনা রয়েছে।
ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে ওই দিন রমজান মাসের ২৯ দিন পূর্ণ হলেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।
তিনি বলেন, ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার থেকে নতুন মাস শুরু হবে এবং ওই দিনই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।
ইব্রাহিম আল জারওয়ান আরও বলেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের তথ্য-উপাত্ত এখন অনেক বেশি নির্ভুল হওয়ায় বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে। তবে ধর্মীয় বিধান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর নির্ভর করবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: অবশেষে জানা গেল পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর ছুটির ক্যালেন্ডারেও ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির পরিকল্পনা রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








