News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে জানা গেল পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

অবশেষে জানা গেল পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

ফাইল ছবি

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব ও চাঁদের অবস্থান বিশ্লেষণ করে এবারের ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ ইসলামী দেশে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ২১ মার্চ শনিবার পবিত্র ঈদ পালিত হতে পারে।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ১৯ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করে সেখান থেকেই আসবে চূড়ান্ত ঘোষণা। 

তবে জ্যোতির্বিদদের বর্তমান হিসাব অনুযায়ী, চলতি বছরের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এর পরদিন অর্থাৎ ১৯ মার্চ নতুন মাস শুরু হওয়ার সুযোগ খুবই কম।

আরও পড়ুন: এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউম-কে দেওয়া সাক্ষাৎকারে আল জারওয়ান জানান, ১৯ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। যদি আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকে, তবে ওই সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই জ্যোতির্বৈজ্ঞানিক নির্দেশনার ভিত্তিতে এ বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে ২০ মার্চ যদি সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে ১৯ মার্চের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। 

প্রচলিত নিয়ম অনুযায়ী, স্থানীয় আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই সরকার আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়