জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে অনলাইন অংশগ্রহণের নির্দেশনা
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল অংশগ্রহণ বাড়ানোর নির্দেশনা দিয়েছে সরকার। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাসম্ভব অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে।
এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণও যথাসম্ভব অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন এ নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে গত ১২ এপ্রিল জারি করা পূর্বের নির্দেশনা বাতিল করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








