স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২ মে ২০২৬

রবিবার শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

রবিবার শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

ফাইল ছবি

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রবিবার (৩ মে)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। এতে মোট ৩৪টি অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে সরকারের নীতিনির্ধারকেরা জেলা প্রশাসকদের দেওয়া প্রস্তাব থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। এর আগে সারা দেশ থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিলেন।

সরকারের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকরা উন্নয়ন, নীতিনির্ধারণ ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এ কারণে সম্মেলনটি প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এবারের সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটি প্রথম ডিসি সম্মেলন।

রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন।

প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে। দিন শেষে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হবে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন ডিসিরা।

তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। একই দিনে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: খাল খনন ও পানি সংরক্ষণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। রাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপী এই সম্মেলনকে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়