দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ‘ফ্যাসিবাদী আমলে’ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জঙ্গিবাদ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে এ ধরনের কোনো তৎপরতা নেই। তবে এক্সট্রিমিস্ট গ্রুপ (উগ্রবাদী গোষ্ঠী) থাকে। পৃথিবীর সব দেশেই এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী, বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে—আমরা সেগুলোর সঙ্গে পরিচিত।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছিল। আগের সরকার এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’
আরও পড়ুন: উপকূলীয় নিরাপত্তায় কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সশস্ত্র বাহিনীর ভেতরে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও প্রতিরক্ষাসহ সব সুশৃঙ্খল বাহিনীতে নিজস্ব গোয়েন্দা ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, ‘এই গোয়েন্দা ইউনিটগুলো নজরদারি করে যে কোনো সদস্য রাষ্ট্রবিরোধী বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত কি না। এ ছাড়া আমাদের সমন্বিত বাহিনী এবং কেন্দ্রীয় নজরদারি ব্যবস্থাও (সেন্ট্রাল ভিজিল্যান্স) রয়েছে। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়। এটি নতুন কিছু নয়।’
নিউজবাংলাদেশ.কম/এনডি








