News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম যাত্রা শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর এক উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। অধিবেশনের শুরুতে স্পিকারের চেয়ার খালি রেখে কার্যক্রম শুরু করা হয় এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দেশের প্রথম সংসদীয় অধিবেশন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন। তার বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি দেশনেত্রী খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতি সম্মান জ্ঞাপন করেন। 

প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে প্রতিটি সংসদ সদস্য দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে কোনো বিরোধ নেই।

আরও পড়ুন: প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব করেন খন্দকার মোশাররফ হোসেন এর নাম, যা বিরোধী দলীয় উপনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন জানান। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। শপথগ্রহণের জন্য অধিবেশন প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুলতবি হতে পারে।

অধিবেশনের প্রথম বৈঠকে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যার প্রধান নবনির্বাচিত স্পিকার থাকবেন। এই কমিটি উদ্বোধনী অধিবেশনের মেয়াদ এবং সংসদের অন্যান্য কার্যসূচি নির্ধারণ করবে। এছাড়া পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোক প্রস্তাব গ্রহণ এবং অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

নির্বাচন পরিসংখ্যান অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দলও সংসদে প্রতিনিধিত্ব করছে।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ করা হয়েছে। এই প্রথম অধিবেশন আইন প্রণয়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এবং সরকারের নীতি ও পরিকল্পনা উপস্থাপনার আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়