News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫২, ২২ মার্চ ২০২৬
আপডেট: ০৮:৫৩, ২২ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

হরমুজ প্রণালি খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি কোনো ধরনের হুমকি ছাড়া পুরোপুরি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।

তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে “সবচেয়ে বড়” হিসেবে উল্লেখ করা হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।

এদিকে, ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানো হতে পারে।

আরও পড়ুন: ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

উল্লেখ্য, এই হুমকির মাত্র একদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ‘গুটিয়ে নেওয়ার’ কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, “নির্দিষ্ট সময়েই এটি নিজে থেকেই খুলে যাবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়