News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ১২ মার্চ ২০২৬

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যাত্রা শুরু করলো দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংসদে প্রবেশ করলে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং দলীয় নেতারা তাকে স্বাগত জানান।

২০২৬ সালের প্রথম এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কার্যক্রম শুরু হচ্ছে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে পৌঁছালে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীগণ, সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর এটিই তার সংসদ নেতা হিসেবে প্রথম অধিবেশনে অংশগ্রহণ। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

অধিবেশনের শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। 

সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সূত্র অনুযায়ী, দুপুর ১২টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সরকারের পক্ষ থেকে সম্ভাব্য স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। 

আরও পড়ুন: এমপি-মন্ত্রীরদের চাল-চলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, ডেপুটি স্পিকার পদে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম আলোচনায় রয়েছে। যদিও গতকাল পর্যন্ত সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছিল। 

তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদীয় কমিটি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পূর্ণ ক্ষমতা সংসদ নেতা তারেক রহমানকে অর্পণ করেছে।

এবারের সংসদে সরকার ও বিরোধী দলের অবস্থানে এসেছে বড় পরিবর্তন। বর্তমান সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। 
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেন। আজ বেলা ১১টায় তিনি সংসদে ভাষণ দেবেন, যা পরবর্তীতে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদ সদস্যরা আলোচনা করবেন। সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।

অধিবেশনের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে থাকছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা ১৩০টি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রক্রিয়া। প্রথম বৈঠকেই এই অধ্যাদেশগুলো সংসদের সামনে উপস্থাপন করা হতে পারে। এছাড়া সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা ও নীতি নির্ধারণী বিভিন্ন বিলের দিকনির্দেশনা এই অধিবেশন থেকেই স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অধিবেশনকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ এই অধিবেশন নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়