স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১২ আগস্ট ২০২৬

রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯ নতুন কোচ

রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯ নতুন কোচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে নতুন ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আসছে। ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) এসব কোচ তৈরি করেছে।

বুধবার (১২ আগস্ট) ১৯টি কোচের এই রেক আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের চাহিদা ও পরিচালন ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব কোচে বেশ কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি এসব কোচে উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে। যাত্রীদের আরামের জন্য চেয়ারগুলো একাধিক অবস্থানে হেলানোর সুবিধাও রয়েছে।

যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনায় কোচগুলোতে সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষ রাখা হয়েছে।

বিশেষ পরিস্থিতি মোকাবিলায় কোচগুলোর ছাদ কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। ব্যস্ত সময়ে যাত্রীদের ছাদে ওঠার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও এসব কোচে বেশ কিছু পরিবর্তন রয়েছে। দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে ক্র্যাশওয়ার্দি ডিজাইন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ জন্য কোচের বডি শেল কাঠামো নতুনভাবে নকশা করা হয়েছে।

এলএইচবি কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে। ভারতীয় রেলওয়ের প্রচলিত কোচে ৭৫০ ভোল্ট ব্যবহৃত হলেও বাংলাদেশের জন্য তৈরি এসব কোচে ৪১৫ ভোল্ট অপারেশন ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে ২০১৫-১৬ সালে বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে আবারও কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়। সাতটি ভিন্ন ভ্যারিয়েন্টে এসব কোচ বাংলাদেশকে সরবরাহ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়