শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি বৈদ্যুতিক কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের অভ্যন্তরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার কারণে সাময়িকভাবে বলাকা লাউঞ্জের যাত্রীসেবা বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: গুজব-অপপ্রচার ঠেকাতে পুলিশের সতর্কবার্তা
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জ যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত হয়। সেখানে খাবার গ্রহণ, বসা ও অপেক্ষাসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








