স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ৫ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২৪, ৫ আগস্ট ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি। এই জাদুঘর আগামী প্রজন্মকে ইতিহাস জানাবে এবং গণতন্ত্র রক্ষায় অনুপ্রাণিত করবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর দেশের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস জাতীয় স্মৃতিতে সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মের সামনে ফ্যাসিবাদী শাসনের বাস্তবতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরবে।

তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনের মতো ঘটনাকে স্বাভাবিক করে তোলা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নিতে না পেরে ফ্যাসিবাদী শক্তি বারবার গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়