৫ আগস্ট ঘিরে সারা দেশে র্যাবের কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দিবসকে কেন্দ্র করে জারি করা আইনশৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনাও কার্যকর করা হয়েছে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আগাম তথ্য সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব জানায়, ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হবে। এসব স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথে সাদা পোশাকে নজরদারিও বাড়ানো হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য নাশকতা বা সহিংসতা প্রতিরোধে সন্দেহভাজন ব্যক্তি ও গোষ্ঠীর ওপর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংস্থাটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








